এম লুৎফর রহমান, নরসিংদী : নব-নিযুক্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অব:) নজরুল ইসলাম হীরু বলেছেন, শিক্ষা না থাকলে কোন জাতি অগ্রগতির শিখরে আরোহন করতে পারেনা। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন তথা শিক্ষা সমপ্রসারনে সবচেয়ে বেশী গুরুত্ব প্রদান করছে। শিক্ষার আলো যেখানে প্রবেশ করবে সেখান থেকেই সকল অন্ধকার দুঃখ দৈন্যতা দূরীভূত হয়ে যাবে। তিনি শুক্রবার বিকেলে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন বিভাগের যুগ্ম সচিব বিশ্বজিৎ বনিক, নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। ম্যানেজিং কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন ইরানের সভাপতিত্বে বক্তৃতা করেন, স্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন নাজির, প্রাক্তন প্রধান শিক্ষক আবুল হাসেম প্রমুখ।

প্রতিমন্ত্রী হীরু তাকে এমপি থেকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় আমি প্রতিমন্ত্রী হয়েছি। দেশ ও জনগনের স্বার্থে আমি সততা ও নিষ্ঠার সাথে প্রধানমন্ত্রীর দেয়া এই অর্পিত দায়িত্ব পালন করবো। তিনি তার দায়িত্ব পালনে জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন।




