অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : ঢাকা-কলাপাড়া মহাসড়কে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল এলাকায় বৃহস্পতিবার ভোররাতে শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি নৈশকোচে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের গুলিতে নুরুল ইসলাম (৬২) নামের এক যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবহনের যাত্রী, স্টাফ ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার গাবতলী থেকে সাকুরা পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত নৈশকোচ ৩৫জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোর ৪টার দিকে বাসটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল এলাকায় পৌঁছুলে যাত্রীবেশী দুই ডাকাত নামার কথা বলে ড্রাইভারকে বাসটি থামাতে বলে। ড্রাইভার কোচটি থামানোর সঙ্গে সঙ্গে সেখানে অপেক্ষমাণ আরও চার-পাঁচজন ডাকাত তড়িৎগতিতে বাসে উঠে পরে। তারা অস্ত্রের মুখে চালককে সরিয়ে নিজেরা কোচটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।
এসময় যাত্রীরা প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা গুলি ছোড়ে। ডাকাতের গুলিতে যাত্রী নুরুল ইসলাম (৬২) গুলিবিদ্ধ হন। মাত্র ১৫ মিনিটের মধ্যে ডাকাতরা যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, বিদেশী মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে চলে যায়। পরে কোচটি যাত্রীদের নিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে আহত যাত্রী নুরুল ইসলামকে ভর্তি করে। তার বাড়ি গোপালগঞ্জের সীতারামপুর এলাকায় বলে জানা গেছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, বেশিরভাগ যাত্রী পর্যটনকেন্দ্র কুয়াকাটা এলাকার হওয়ায় অন্য একটি গাড়িতে করে তাদের সেখানে পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে।




