শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বের ১০টি সক্রিয় সশস্ত্রগোষ্ঠীর তালিকায় বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা উলেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি জঙ্গিদের সঙ্গে জোট করেছে। তিনি ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী ফোরাম আয়োজিত জোহরা তাজউদ্দীন স্মরণে এক সভায় ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আজকে যখন সারা বিশ্ব চায় বিএনপি জঙ্গিদের সঙ্গ ত্যাগ করুক, তখন বিএনপি নেতা খালেদা জিয়া বলেন, আমরা কাদের সঙ্গে জোট করব কি করব না, সেটা আমরাই সিদ্ধান্ত নেব।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপির নেতারা প্রতিদিনই জঙ্গিগোষ্ঠীর পক্ষে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। তিনি সমালোচনা করে বলেন, একটি দল, যে দলের কোনো নীতি নেই। এরা একটি নির্বাচনে অংশ নেয় অন্যটিতে অংশ নেয় না। জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছে তারা বিগত নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছিল। তারা নাকে খত দিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে।
জোহরা তাজউদ্দীনের অবদান স্মরণ করে তিনি বলেন, তিনি পঁচাত্তরের পর আওয়ামী লীগের হাল ধরে, সম্মেলন করে শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলেন। দলের জন্য তার অবদান অপরিসীম।
সংগঠনের সভাপতি এমরান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলমন্ত্রী মুজিবুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কায়সার-ই-আলম প্রধান প্রমুখ।




