রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বসন্তের আগমনে চারিদিক আজ নবরুপে সজ্জিত হচ্ছে। সোনারগাঁও উপজেলাও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি আম ও লিচুর মুকুলে নবদুলহানের রুপ নিয়েছে সম্রাট ঈশা খাঁর প্রাচীন রাজধানী সোনারগাঁও। সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার সাদিপুর, জামপুর, নোয়াগাঁও, সনমান্দি, কাঁচপুর, বারদী, শম্ভুপুরা, বৈদ্যেরবাজার, পিরোজপুর ইউনিয়নসহ সোনারগাঁও পৌরসভার প্রত্যন্ত অঞ্চলের প্রায় সকল আম ও লিচুর বাগানে এখন বাসন্তী রঙের মুকুলের প্রাচুর্যতা রয়েছে চোখে পড়ার মত। আম ও লিচুর মুকুলের সৌন্দর্য্যে সহজেই মন ছুয়ে যায়। অন্যান্য বছরের তুলনায় এবার মুকুলের পরিমান বেশি বলে জানিয়েছেন বাগান মালিকরা। সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় সুবৃহৎ আম ও লিচুর বাগানের মালিক হাজী মো. বাদশা মিয়া জানান, এ বছর তার বাগানের আম ও লিচু গাছে সন্তোষজনক মুকুল ধরেছে। বড় ধরণের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ভাল ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।




