কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে দুবৃত্তরা এ ঘটনা ঘটায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ। এসময় জেলা প্রশাসক বলেন এঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বলেন, বুধবার গভীর রাতে দুবৃত্তরা স্কুলের নৈপ্র্রহরীকে বেঁধে রেখে শহীদ মিনারে হামলা চালিয়ে ভাংচুর করে পালিয়ে যায়। এতে মিনারের তিনটি স্তম্ভ ভেঙে পড়ে। ১৯৬৮ সালে এই স্কুলে অস্থায়ীভাবে শহীদ মিনারটি তৈরি করা হয়। পরে ১৯৭১ সালে শহীদ মিনারটি পূর্ণাঙ্গ রূপ পায়। ২১শে ফেব্রুয়ারীর আগে এমন ন্যাক্কারজন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধাসহ সাধারন মানুষ।




