‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ আগস্ট রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

র্যালিতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, এনএসআইয়ের উপপরিচালক ইফতেখার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা সাইফুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, মৎস্যজীবি সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য খামারী, ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন স্তরের মৎস্যজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সম্পদের সংরক্ষণ ও উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ৩ জন সফল মৎস্য খামারীকে পুরস্কৃত করা হয়।




