শেরপুরের নালিতাবাড়ীতে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে তরুণ সংগঠকদের যেকোনো ইতিবাচক কর্মসূচিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

১৩ আগস্ট বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও নালিতাবাড়ীর ইয়েস গ্রুপ এ দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। এতে উপজেলার ২১টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪২ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, টেকসই উন্নয়ন অভীষ্ট-১৬ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো. আতীকুর রহমান। সনাক নালিতাবাড়ীর সভাপতি মো. আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইয়েস বিষয়ক উপকমিটির আহ্বায়ক ও সনাক সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম এবং টিআইবি সিলেট ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম।

সমাপনী বক্তব্যে ইউএনও মো. আব্দুল মালেক বলেন, টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতিবিরোধী আলোচনা ও শুদ্ধাচার চর্চা গুরুত্বপূর্ণ। তিনি তরুণ সংগঠকদের নাগরিক অধিকার প্রচারসহ ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
কর্মশালায় অংশ নেওয়া সংগঠনের প্রতিনিধিরা দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।




