শেরপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় আরও ১৩ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। ১১ জুলাই শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ওই ১৩ জনের মাঝে মুদি দোকানী সামগ্রী, কাঁচামাল সামগ্রী ও ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

ওইসময় তিনি বলেন, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ১৩ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হলো। তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে যে কাজ করতে ইচ্ছুক সে মোতাবেক মুদি দোকানের সামগ্রী ও কাঁচামালসহ বিভিন্ন উপকরণ কিনে দেওয়া হয়েছে। সমাজকে ভিক্ষুকমুক্ত করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশনের কর্মকর্তা রাজীব আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে ওই ১৩ জন ভিক্ষুককে পুনর্বাসন ও স্বাবলম্বী করতে মুদি দোকানী সামগ্রী, কাঁচামাল সামগ্রী ও ছাগলসহ বিভিন্ন উপকরণ কিনে দেওয়া হয়।




