শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩১৫ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৭ জুন বুধবার বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কসংলগ্ন পূর্ব সমশ্চুড়া গ্রামে ওই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার গোমড়া গ্রামের মৃত ছফর আলীর ছেলে সুলতান মাহমুদ (৩৮) ও শেরপুর সদর উপজেলার মোবারকপুর আখের মাহমুদ বাজার এলাকার হুমায়ুন মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০টি বস্তাভর্তি বিভিন্ন ব্র্যান্ডের ৩১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সুলতান মাহমুদ ও ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, উদ্ধার হওয়া মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতো সোপর্দ করা হয়েছে।




