ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার সকালে তিনি রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।’

এতে আরও বলা হয়, ‘আজ ৬ জুন, শনিবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।’ এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
এর আগে দুই দিনের সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন হাকান ফিদান। একাধিক দেশের সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসেন। সফরের আগে তিনি ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করেন। সিউল থেকে তিনি ঢাকায় পৌঁছান।

এরপর শুক্রবার সকাল ১০টায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। পরে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
যৌথ প্রেস ব্রিফিং শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।




