রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এ দেখা গেছে শবনম বুবলীকে। নারীপ্রধান ছবিটি প্রেক্ষাগৃহে বেশ ভালো সাড়াও পেয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন দুই ছবি নিয়ে হাজির হচ্ছেন বুবলী। এর মধ্যে ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পাবে দেশে, আর ‘ফ্ল্যাশব্যাক’ দেখা যাবে পশ্চিমবঙ্গে।

ঐতিহ্যবাহী লাঠিখেলা নিয়ে ‘সর্দারবাড়ির খেলা’ বানিয়েছেন রাখাল সবুজ। ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির আগে নাম ছিল ‘পুলসিরাত’। পরে নাম পরিবর্তন করা হয়। এর আগে একাধিকবার মুক্তির মিছিলে যোগ দিলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।
অবশেষে ৮ মে প্রেক্ষাগৃহে উঠবে ছবিটি। এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা। যদিও ছবিটি নিয়ে নীরব অবস্থানে রয়েছেন এর নায়ক-নায়িকা জিয়াউল রোশান ও বুবলী। পরিবেশক টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে; কিন্তু তা শেয়ারটুকুও দেননি অভিনয়শিল্পীরা!
অন্যদিকে মে মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে রাশেদ রাহার ‘ফ্ল্যাশব্যাক’।

এতে বুবলীর সঙ্গে আছেন সেখানকার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস ও কৌশিক গাঙ্গুলি। বছর দুয়েক আগে কাজ শেষ হলেও নানা কারণে আটকে ছিল ছবিটি। এবার সেই জট খুলছে। নির্মাতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের চলমান বিধানসভা নির্বাচনের পরই ‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি দেবেন তাঁরা। এরপর বাংলাদেশেও ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের খায়রুল বাসার নির্ঝর। ছবির গল্প তিনটি ভিন্ন মানুষকে নিয়ে, যাদের জীবনের গল্প পাহাড়ি এক জনপদে নতুন মোড় নেয়।




