কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : বাণিজ্য সহজিকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে ভারতীয় ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী বেনাপোল ও পেট্রাপোল স্থল বন্দর পরিদর্শন করেছেন। ১৯ জানুয়ারী রবিবার সকালে তিনি বেনাপোল বন্দর পরিদর্শন শেষে ভারতের পেট্রাপোল স্থল বন্দর পরিদর্শনে রওনা হন।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন সাংবাদিকদের জানান, বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের বাণিজ্য সহজিকরণের লক্ষ্যে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বেনাপোল ন্থল বন্দর পরিদর্শন করেছেন। সেখান থেকে তিনি সকাল সাড়ে ১০ টার দিকে ভারতর পেট্রাপোল বন্দর পরিদর্শনে গেছেন। সেখানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে দুপুরে তিনি আবার বেনাপোল ফিরে আসেন। এরপর বেনাপোল পৌরসভার পৌর ভবন পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। এ পরিদর্শনের ফলে দু’দেশের মধ্যে আমদানি-রপতানি বাণিজ্য কার্যক্রম আরো দ্রæত সম্পন্ন হবে বলে আশা করেন তিনি।
বেনাপোল বন্দর পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাধন কুমার কুন্ড, স্থল বন্দরের সহকারী পরিচালক মনিরুজ্জামান, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতা এবং সিএন্ডএফ ব্যবসায়ী মতিয়ার রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নুসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতাকর্মীরা।




