শেরপুরে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রবিবার বিকেলে পৌর শহরের কান্দাপাড়া এলাকায় অর্কিড পর্যটন কেন্দ্রে শেরপুর শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
এর আগে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন এমপি রাশেদুল ইসলাম। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, গণমান্য ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ৫ শতাধিক লোক ইফতার মাহফিলে অংশ নেয়।




