চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রাকচাপায় নিহত শেরপুরের নালিতাবাড়ীর কলেজছাত্র খোরশেদ রাব্বির (২৬) মরদেহ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে পৌঁছেছে। এর আগে ২৫ ফেব্রুয়ারি বুধবার বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে গিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আন্ধারমার দরগাহ এলাকায় আকস্মিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। নিহত রাব্বি নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লার বাসিন্দা ফজলুর রহমানের ছেলে। তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাব্বিসহ তাঁর পাঁচ বন্ধু মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসে করে নালিতাবাড়ী থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। বুধবার সকাল আটটার দিকে সাতকানিয়ার আন্ধারমার দরগাহ এলাকায় তাঁদের গাড়িটি মহাসড়কের পাশে থামানো হয়। এ সময় রাব্বি সামনের সিট থেকে পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নামলে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, অজ্ঞাতনামা ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটির সন্ধান চলছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ নালিতাবাড়ী শহরের নিলামপট্টি এলাকায় পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। একমাত্র ছেলেকে হারিয়ে মা বাকরুদ্ধ হয়ে পড়েন। দেড় বছরের মেয়েকে কোলে নিয়ে বিলাপ করেন রাব্বির স্ত্রী ইসরাত জাহান ইভা।
বাদ জোহর নালিতাবাড়ী শহরের শাহী জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, সহপাঠী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বন্ধু সাব্বির আহম্মেদ বলেন, ‘আমরা পাঁচজন মিলে কক্সবাজারে যাচ্ছিলাম। বেপরোয়া ট্রাকের কারণে চোখের পলকে আমার বন্ধু রাব্বি দুনিয়া থেকে চলে গেল।’
বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে বের হয়ে এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায়। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।




