ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপির নেতৃত্ব দেওয়া দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান মোদি।
মোদি বলেন, এই বিজয় আপনার (তারেক রহমান) নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচয় দেয়। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনের সঙ্গে থাকবে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি আমাদের বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার (তারেক রহমান) সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোনও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি তারেক রহমানকে জয়ের জন্য শুভেচ্ছা জানান। নরেন্দ্র মোদির ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার বিকেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে মোদি লিখেছেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তাঁর প্রচেষ্টায় আমার শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি।’
নরেন্দ্র মোদি আরও লিখেছেন, ‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ ঘনিষ্ঠ দুই প্রতিবেশী হিসেবে আমি আমাদের উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’




