শেরপুরে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে লিটন মন্ডল নামে এক ধর্ষকের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার তিনরাস্তা মোড় এলাকায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মো. আব্দুল করিম সরকার, মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম, শিক্ষক আল আমিন হোসাইন, শহিদুল ইসলাম রূপস, ছাত্র সমন্বয়ক আল মামুন সরকার, স্থানীয় বাসিন্দা নুর উদ্দিন মন্ডল প্রমুখ। বক্তারা দ্রুত সময়ের মধ্যে ধর্ষক লিটন মন্ডলের বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মানববন্ধনে বিপুল সংখ্যক স্থানীয় এলাকাবাসী এবং আদ-দ্বীন মাদ্রাসা, নবারুণ ডিজিটাল পাবলিক স্কুল, আইডিয়াল একাডেমি, উদয়ন একাডেমি, অগ্রণী মডেল একাডেমি, রিয়াজুল উলুম কওমী মাদ্রাসা, রওযাতুল জান্নাত মহিলা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের মুকসুদপুর এলাকায় আখ দেওয়ার কথা বলে ৬ বছর বয়সী শিশুকে আখ ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন একই এলাকার মৃত জসিম উদ্দিন মন্ডলের ছেলে লিটন মন্ডল (৪৫)। পরে ধর্ষণের শিকার শিশু বাড়িতে গিয়ে তার মাকে গিয়ে ঘটনা জানালে গুরুতর অবস্থায় তাকে ওইদিনই জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে লিটন মন্ডলকে একমাত্র আসামি করে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ লিটনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অভিযোগ পাওয়ার পরপরই একমাত্র আসামি লিটনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষিতা শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডাক্তারি রিপোর্ট পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে মামলার অন্যান্য কার্যক্রম ও তদন্ত শেষ করে আসামির বিরুদ্ধে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।




