শেরপুরে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গাজীরখামার বাজারের বেলাল মেম্বারের উঠানে এ মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয় ও গ্রাম আদালতে বিরোধ কিভাবে সহজে ও স্বল্প খরচে নিষ্পত্তি হয় সেটি জানানো হয়। একইসাথে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারণা, এর বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব এবং সফলতার চিত্র তুলে ধরা হয়।
ওইসময় গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. রবিউল ইসলামসহ স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ মতবিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে।




