শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ নভেম্বর বুধবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের রাংটিয়া-গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় মেলেনি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, বুধবার সকালে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের রাংটিয়া-গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা এলাকায় এক নারীর অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সকাল দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে নিহতের মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে। পরে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বিভাগের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
পুলিশের ধারণা, দুই/তিন দিন আগে ওই নারীকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে রেখে পারে দুর্বৃত্তরা। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা সেটি ময়নাতদন্তের পরে জানা যাবে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ওই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




