রাজশাহীতে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। ৯ নভেম্বর রবিবার সকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওইসব কথা বলেন তিনি।

আসিফ বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর ও আমাদের (উপদেষ্টাদের) ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এসব কথার কিছু হয়ত সত্য থাকে। তাদের কথায় জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়। ১৬-১৭ বছর নির্বাচন হয় না। এ কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহী হয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে।
উপদেষ্টা বলেন, জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না। পুলিশ কী রিপোর্ট দিচ্ছে তার ওপরও নির্ভর করে। ভিডিও ফুটেজে দেখা গেছে কিংবা কণ্ঠ শোনা গেছে এরকম হলে ব্যতিক্রম হয়। তিনি আরও বলেন, যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতেই পারে। তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে, নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য হয়ে তৎপরতা চালাতে পারে, তাদের যদি বেশি জামিন হয়, তাহলে আমরা আতঙ্কিত হবো।




