রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ রয়েছেন। ১৪ অক্টোবর মঙ্গলবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ওই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত আগুনের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে সার্চ করার জন্য। এই বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপনগরে পোশাক ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। তাই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এই দুই স্থাপনার আশপাশে আরও অনেক কারখানা আছে, ওইসব কারখানাতেও আগুন ছড়িয়ে পড়েছে। এসব কারখানায় আগুন লাগার কারণে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ভেতরে প্রবেশ করতে পারছেন না। তারা নির্দিষ্ট দূরত্ব থেকে এবং যতটুকু পারা যায় কাছে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
এ বিষয়ে রূপনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও কাজ করছে, যাতে আগুন নেভানোর সময় এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।




