কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার পাটকেলবাড়ি গ্রামের একটি বেগুনক্ষেত থেকে মামুন গাজী (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে নড়াইল মর্গে প্রেরণ করে। শুক্রবার বিকালে নড়াইল সদর হাসপাতালে লাশটির ময়নাতদন্ত শেষ হয়েছে। নিহত মামুনের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামে। তার পিতার নাম কবির গাজী। দীর্ঘদিন ধরে তিনি পাটকেলবাড়ি গ্রামে তার মামার বাড়িতে বসবাস করছিলেন। গত ৬ জানুয়ারি (সোমবার) থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মামুনকে হত্যার কারণ খুঁজে পাওয়া যায়নি। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুভাষ বিশ্বাস জানান, কে বা কারা মামুনকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।




