শেরপুরের নালিতাবাড়ী থানা পরিদর্শন করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মো. সুলতান মাহমুদ। ১৪ জুলাই সোমবার বিকেলে তিনি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার হোসাইন রনিসহ অধস্তন অন্যান্য বিচারকদের নিয়ে ওই থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন রেজিস্টার পরীক্ষা, বিভিন্ন দপ্তর ও ডেস্কের কার্যক্রম পর্যবেক্ষণসহ বিভিন্ন মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ বিদেশী মদ থানা প্রাঙ্গণে তাৎক্ষণিক সিদ্ধান্তে বিনষ্ট করেন। সেইসাথে অস্ত্রাগার ও মালখানা পরিদর্শনকালে পচনশীল দ্রব্য দ্রুত নিলামে বিক্রির নির্দেশনা দেন। এছাড়া থানায় জব্দকৃত কিছু ভারি অস্ত্র নিকটস্থ সেনানিবাসের সাথে সমন্বয় করে নিষ্পত্তির নির্দেশনার পাশাপাশি বিচারপ্রার্থী জনগণের নির্বিঘ্নে সেবা প্রাপ্তি, তদন্ত কার্যক্রমে মানুষের সাথে উত্তম আচরণ ও বিভিন্ন পরোয়ানা দ্রুত তামিল করার মাধ্যমে বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে থানায় কর্মরত সকলকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। পরে তিনি থানার পরিদর্শন বহিতে মন্তব্য ও স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে নালিতাবাড়ী জিআর আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুর-ই-জাহিদ পিঙ্কন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, মো. সুলতান মাহমুদ মিলন ও মো. হাসান ভূইয়া, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ ও শারমিন আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ অন্যান্য বিচারকদের নিয়ে থানায় পৌঁছলে থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে পুলিশের একটি চৌকস দল সিজেএমকে গার্ড অব অনার প্রদান করে।




