স্টাফ রিপোর্টার : ভোট গ্রহণকালে শেরপুর শহরের দিঘারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা, দায়িত্বরত কর্মকর্তাদের মারপিট, ব্যালটবাক্স ও ব্যালটপ্যাপারসহ অন্যান্য সামগ্রী ছিনতাইয়ের মামলায় এজাহারভুক্ত আসামী কামারুজ্জামান ওরফে জামান নামে এক শিবির কর্মীর ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৯ জানুয়ারী বৃহস্পতিবার ৭ দিনের আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম মিয়া ওই আদেশ দেন। ওই মামলায় জড়িত থাকার সন্দেহে বুধবার রাতে থানা পুলিশ ইথুন মিয়া (২১), সিরাজুল ইসলাম (২৩), আব্দুল বারেক (৩২) ও জালাল মিয়া (৪০) নামে আরও ৪ বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ তাদের একই আদালতে সোপর্দ করা হলে আদালত রবিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্যক্রমে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, রবিবার দুপুরে ভোট গ্রহণ চলাকালে দিঘারপাড় কেন্দ্রের ওই ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও স্থানীয় পৌর কাউন্সিলর আমির হোসেন বাদশা ওরফে বাদশা তালুকদারসহ ৫৭ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।




