শেরপুর শহরের নয়ানীবাজারের চালহাটিতে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি গোডাউন পুড়ে গেছে। ৪ জুন বৃহস্পতিবার ভোররাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে ডিসি অফিসের গেটের সামনে চালের বাজারের ভেতর থেকে আগুনের শিখা দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে প্লাস্টিকের নেট, পাটের রশি, বাঁশের তৈরি বিভিন্ন আসবাব, ঝাড়ু এবং মাটির তৈরি হাঁড়ি-পাতিলের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে, ফায়ার সার্ভিস ধারণা করছে, এই অগ্নিকাণ্ডে অন্তত ৫০ লাখ টাকার বেশি মালামাল পুড়ে গেছে। পরবর্তীতে তদন্তের মাধ্যমে আগুনের কারণ জানার চেষ্টা করা হবে।




