প্রথম সিনেমা দিয়েই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে আফরান নিশোকে। বলা চলে, ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির আগে একাধিকবার শাকিবকে ইঙ্গিত করে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন নিশো, যা শাকিবের ভক্তরা ভালোভাবে নেয়নি! এই জেরে নিশোর সঙ্গে দূরত্ব তৈরি হয় শাকিবের। এবার ঈদেও ‘বরবাদে’র বিপরীতে হাজির হন ‘দাগি’ নিয়ে। তবে এবার ২ বছর আগের ভুলের কারণে ক্ষমা চান নিশো।

এরই মধ্যে শোনা যাচ্ছিল, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সাথে দেখা যাবে নিশোকে। এবার সেই গুঞ্জনেই যেন ঘি ঢাললেন ছবির পরিচালক রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিল। ৩ জুন মঙ্গলবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে ‘তাণ্ডব’ ছবির সংশ্লিষ্টদের দেওয়া এক ছবি পোস্টে দেখা যায় নিশোর কাঁধে হাত রেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন শাকিব। ওই ছবিতে আরও দেখা গেছে শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি এবং জাবেদ সুলতান পিয়াসকে।
শাহরিয়ার শাকিল ওই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ব্রাদার। একই ছবি পোস্ট দিয়ে ‘তাণ্ডব’ ছবির পরিচালক রায়হান রাফী ক্যাপশনে লিখেছেন, হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘তাণ্ডব’।

নিশোর পাশে শাকিবকে দেখে অনেকই মনে করছেন দুইজনের মনোমালিন্যের অবসান ঘরেছে। অনেকে আবার মন্তব্য করছেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো। এদিকে দুই তারকাকে পাশাপাশি দেখে শোবিজা তারকাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ছোট পর্দার অভিনেতা সিয়াম নাসির নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, যাক, তাহলে মিটমাট। এবার ভক্তদের যুদ্ধের অবসান। ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের হাত। এক ফ্রেমে দুইজনকে ভালো লাগছে। এভাবেই কাঁধে কাঁধ রেখে ঢালিউড এগিয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গণেও ছড়াবে আমাদের সিনেমা। চলেন, ঈদের সিনেমার আনন্দে মাতি।’




