শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। ১ জুন রবিবার দুপুরে তাদের শেরপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদের মধ্যে তিনজন শিশু হওয়ায় তাদেরও বাবা-মার সাথে কারাগারে দেওয়া হয়েছে।

এর আগে ৩১ মে শনিবার ভোরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের পার্শ্ববর্তী পানিহাতা মিশন সংলগ্ন ১১১৮/৯-এস পিলারের প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা। পরে আটককৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৮ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইন ও পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্যার ছেলে আবুল কালাম (৩৪), মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম (২৩), চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম (২৭), কালিয়া উপজেলার ভোমবাগ দাউদ মোল্যার ছেলে রানা মোল্যা (২৬), রানা মোল্যার স্ত্রী নাসরিন বেগম (২৩), খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছা. লিচি (৪৮) ও ফজর মোল্যার ছেলে রুবেল মোল্যা (২৫)। আর ইমরান ও রোকেয়ার দম্পতির দুই শিশু এবং রানা ও নাসরিন দম্পতির এক শিশু তাদের বাবা-মায়ের সঙ্গে রয়েছে। পুলিশ বলছে, এই শিশুদের দেখভাল বা কোনো অভিভাবক না থাকায় তাদের মা-বাবার সঙ্গে রাখা হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় নিয়মিত টহলে যায়। এ সময় নারী ও শিশুসহ ১১ জন সীমান্তের কাছাকাছি পাহাড়ের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। সীমান্ত এলাকায় ঘোরাঘুরির কারণ জানতে চাইলে তাঁরা পাহাড় দেখতে এসেছে বলে জানান। পরে তাঁদের কথাবার্তা সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। তাঁরা জানান, কাজের সন্ধানে কয়েক বছর আগে পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তাঁরা। এখন আবার অবৈধ পথেই দেশে ফিরে আসছিলেন তাঁরা। পরে তাঁদের আটক করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়। পরে রাতে মামলা দায়ের করে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। রবিবার দুপুরে আসামিদের শেরপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিভাবক বা দেখভাল করার মতো কেউ না থাকায় ৩ শিশুকে তাদের মা-বাবার সঙ্গে রাখা হয়েছে।




