মেহের আমজাদ, প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে নির্বাচন পরবর্তী এক সহিংস ঘটনা ঘটেছে। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সমর্থকরা নৌকার পরাজিত প্রার্থী এমএ খালেকের বাড়ি ও নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে র্যাব ৩৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। এ সময় উভয় পক্ষের ১৫ জনকে আটক করে দোষি সাব্যস্ত করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জুবায়ের আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন অঙ্কের মোট ৫হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বর্তমানে গাংনী শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

র্যাব ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ জানান, বেলা সাড়ে বারটার দিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সমর্থকরা একটি বিজয় মিছিল বের করে। নৌকার পরাজিত প্রার্থী এমএ খালেকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কে বা কারা মিছিলে ইট ছোঁড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় খালেকের বাড়ি ও নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হয়। খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৩৭ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএ খালেক অভিযোগ করে বলেন, শুধু ভাংচুর করেই ক্ষান্ত হয়নি তারা, একটি মোটরসাইকেল ও পাঁচটি সাইকেল লুট করে নিয়ে গেছে। পুলিশকে খবর দিলেও পুলিশ তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন।




