অভিমানে জাতীয় দল থেকে বিদায় নিয়েছিলেন তামিম ইকবাল। ওই অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণাও দিয়েছিলেন তামিম। যে শেখ হাসিনার নির্দেশে ফিরতে চেয়েছিলেন তিনি এখন সাবেক এবং পলাতক। অথচ এখনো সাবেক হননি তামিম। তার ফেরা না ফেরা নিয়ে এখনো চলছে নানান জল্পনা।

৮ জানুয়ারি বুধবার ওই জল্পনার অবসান ঘটাতে তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। ১২ জানুয়ারি আইসিসির কাছে পাঠাতে হবে প্রাথমিক দল। দল ঘোষণার আগে তামিমের সঙ্গে বৈঠক করেন লিপু।
বৈঠক শেষে সিলেটে থাকা সাংবাদিকদের জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তামিম সময় চেয়েছেন। তামিমের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে লিপু ধৈর্য্য ধরার পরামর্শ দেন এবং তামিমের ফেরা নিয়ে একটু ‘কৌতুহল থাকুক’ এমন বার্তা দেন।

লিপু বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আপনাদের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। তার সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু কোন আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া যায় না। ভালো হতো আপনার প্রশ্নের উত্তরটা এখনই দিয়ে দিতে পারলে, কিন্তু তামিমের মতো করেই বলতে হচ্ছে একটু অপেক্ষা করেন। সাইপেন্স থাকুক, একটু ধৈর্য্য ধরেন।’
লিপু জানিয়েছেন, জাতীয় দলে ফিরে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কিনা ওই সিদ্ধান্ত নিতে তাকে তিন-চারদিন সময় দেওয়া হয়েছে। পরিবার-বন্ধু-বান্ধবের সঙ্গে যাতে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন তিনি। লিপুর মতে, তামিমের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন।
বিসিবির এই প্রধান নির্বাচক বলেন, ‘তামিমের একটু সময় নেওয়ার ব্যাপার তো এসেই যায়। ১২ তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে দলটা বোর্ডকে দিতে হবে। আমাদের হাতে সময় আছে, তাড়াহুড়োর কিছু নেই। আমরা আমাদের প্রাথমিক আলোচনা সেরে নিয়েছি। দল নিয়ে আমাদের হোমওয়ার্ক করা আছে। চারদিন অনেক সময়। বোর্ডের সঙ্গে কথা হয়েছে, সেখানেও কোন অসুবিধা নেই। কাজেই কিছুক্ষণ ধৈর্যশীল থাকতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু রান আউট হতে হয়!’
এর আগে বিপিএলের সিলেট পর্বে গিয়ে শহীদ আফ্রিদির সঙ্গে এক আলাপে তামিম ইকবাল জানান যে, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। তামিম ইকবালের বোর্ড পরিচালক হওয়ারও গুঞ্জন আছে।




