সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতীতে ভাসছে গরু ব্যবসায়ির লাশ। শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় জেলেরা নদীতে এ লাশ দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেয়।মৃত গরু ব্যবসায়ির নাম তরিকুল ইসলাম (৩৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাদল ইসলামের ছেলে। হাড়দ্দহ গ্রামের জেলে সামছুর রহমান ও আমিনুর হোসেন জানান, শনিবার ভোরে তারা ইছামতী নদীতে মাছ ধরতে যান। এ সময় তারা একটি ভাসমান লাশ দেখতে পান। লাশটি তাদের এলাকার গরু ব্যবসায়ি তারিকুল ইসলামের বলে চিনতে পেরে তার স্বজনদের খবর দেন। হাড়দ্দহ গ্রামের রেজাউল ইসলাম জানান, তার ভাই তারিকুল ইসলাম ওএকই গ্রামের আব্দুল জলিলের ছেলে সবুজ হোসেন যৌথভাবে গরুর ব্যবসা করে। বৃহষ্পতিবার সন্ধ্যায় তারা ইছামতী পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হাসানাবাদ থানার সোলাদানায় গরু আনতে যায়। শুক্রবার রাতেও সে বাড়ি ফেরেনি। স্থানীয় জেলেরা সকালে ইছামতী নদীর ভারতীয় জলসীমানায় তরিকুলের লাশ দেখে তাকে খবর দেয়। ব্যবসায়িক লেনদেনের কারণে তাকে সবুজ পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। শাঁখরা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ফিরোজ আহম্মেদ জানান, তিনি একটি লাশ সীমান্ত নদী ইছামতীর ভারতের জলসীমানায় ভাসতে দেখেছেন। তবে জোয়ারের তোড়ে দুপুর দু’টোর দিকে সেটি ভারতের চর এলাকায় অবস্থান করছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, একটি লাশ ইছামতী নদীতে ভাসছে মর্মে তিনি জানতে পেরেছেন। লাশটি ভারতীয় জলসীমানায় বলে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলে লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।




