ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তুরাগ নদের ওপর সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক পানিতে

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে নদের পানিতে ট্রাক পড়ে গেছে। আজ ভোররাত সাড়ে ৩টার দিকে টঙ্গী বাজারে তুরাগ নদের ওপরের ব্রিজটি ভেঙে যায়। ওই ঘটনায় পাথরবোঝাই ট্রাকের চালকসহ দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে একটি পাথরবোঝাই ট্রাক সেতুটি পার হচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝখানে গেলে তা ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের চালকসহ আরেক ব্যক্তি আহত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, প্রায় তিন বছর আগে তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। তিনটি ব্রিজের মধ্যে দুটি দিয়ে ভারী যানবাহন চলাচল করত। আর ছোট যানবাহন ও জনসাধারণের হেঁটে চলাচলের জন্য একটি ব্রিজ খুলে দেওয়া হয়। গত কয়েক মাস ধরে ঢাকা থেকে গাজীপুরমুখী ভারী যানবাহন চলাচল করা সেতুগুলোতে চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিআরটি কর্তৃপক্ষ। এরপর থেকেই যানবাহনগুলো ওই বেইলি ব্রিজ ব্যবহার শুরু করে।

Shamol Bangla Ads

এদিকে গত রাতে বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় বিআরটি প্রকল্পের নিচের অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ঢাকা থেকে গাজীপুরগামী সব যানবাহনকে রাজধানীর উত্তরা থেকে বিআরটি প্রকল্পের উড়ালসেতু ব্যবহারে নির্দেশ দিয়েছে।

বেইলি ব্রিজের পার্শ্ববর্তী চা-দোকানি মনসুর বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই আমরা। পরে আশপাশের লোকজন গিয়ে দেখি বেইলি ব্রিজটি ভেঙে পাথরবোঝাই ট্রাক নদে পড়ে গেছে। পরে ট্রাকের চালকসহ আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লোকজন।’

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (টঙ্গী জোন) জাফর আহমেদ বলেন, তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজের মধ্যে দুটি ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল করত। একটি ভেঙে যাওয়ায় অপরটি দিয়ে গাজীপুর থেকে রাজধানীতে প্রবেশ করলেও রাজধানী থেকে গাজীপুরগামী যানবাহনকে বিআরটি প্রকল্পের উড়ালসেতু ব্যবহার করতে হবে।

জাফর আহমেদ আরও বলেন, অপরদিকে আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়ক ব্যবহার করে যানবাহন ঢাকা থেকে গাজীপুর ও গাজীপুর থেকে ঢাকায় যেতে পারছে না। কামারপাড়া-টঙ্গী অংশে জোড় ইজতেমাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করায় সড়কটিতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের টঙ্গী সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘কয়েক মাস ধরে ঢাকা থেকে গাজীপুরমুখী একটি বেইলি ব্রিজে যান চলাচল বন্ধ করে দেয় বিআরটি প্রকল্পের সংশ্লিষ্টরা। তাতে ঢাকা থেকে গাজীপুরগামী যানবাহনগুলো ওই ব্রিজ দিয়ে পারাপার হতো। ইতিপূর্বে আমরা যানবাহনের চালকদের সতর্ক করে মহাসড়কের পাশে একটি নির্দেশনা বোর্ড ঝুলিয়ে দিয়েছিলাম।’

এই প্রকৌশলী বলেন, ‘ব্রিজ তিনটি নির্মাণের পর আমরা বিআরটি প্রকল্পের কাছে হস্তান্তর করি। তবে দেখভালের দায়িত্বে উভয়েই রয়েছে। সড়ক বিভাগ অতি দ্রুত সময়ের মধ্যে বেইলি ব্রিজটি অপসারণের কাজ শুরু করতে পারে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!