শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এসবের আয়োজন করে। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.হামিদুর রহমান।
আরও বক্তব্য দেন নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এসএম মাসুম, রূপান্তর বহুমুখী উন্নয়ন সংস্থার সভাপতি শফিউল আলম, প্রশিক্ষণপ্রাপ্ত ও আত্মকর্মী যুবনারী আফরিন আন্না প্রমুখ। শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৯ জন যুব ও যুব নারী সদস্যের মাঝে ১০ লাখ টাকা যুব ঋণের চেক, সনদ ও গাছের চারা বিতরণ করা হয়। এসময় প্রশাসনের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমাম হাসান সাব্বির, যুব ও যুব নারী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




