শেরপুরের শ্রীবরদীতে তুচ্ছ ঘটনায় ক্ষুুদ্র নৃ-গোষ্ঠীর এক পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর রবিবার বিকেলে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) আয়োজনে উপজেলার সীমান্ত সড়কের মেঘাদল এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাগাছাসের শ্রীবরদী সভাপতি জীবন ম্রংয়ের সঞ্চালনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃস্থানীয়দের মধ্যে বক্তব্য দেন চন্দ্র মৃ, টনিস ম্রং, ইভা ম্রং, সমাপ্তী ম্রং, মর্নিংটন ম্রং, ক্লেনসন থিগিদি প্রমুখ।
বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর বাবেলাকোনা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুলের ছেলে শোভন দালবৎ এর নেতৃত্বে ১০ হতে ১২ জন একই গ্রামের বিশ্বনাথ মৃ ও তার মেয়ে কলেজপড়ুয়া শিক্ষার্থী ইভা ম্রংয়সহ তার পরিবারের সদস্যদের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। ওইসময় বিশ্বনাথ ম্রং ও তার মেয়েকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয় বিশ্বনাথ মৃ ও তার মেয়ে ইভা ম্রং। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ওই ঘটনায় বিশ্বনাথ মৃ বাদী হয়ে শ্রীবরদী থানায় শোভন দালবৎসহ ১০/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ওই ঘটনার পর আবারও হামলা করে মারধরের হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেন বক্তারা। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান মানববন্ধনে অংশ গ্রহণকারীরা। মানববন্ধনে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক লোক অংশ গ্রহণ করেন।

অভিযোগের বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল বলেন, বিষয়টি আমি পরে শুনেছি। ঘটনাটি তাদের নিজেদের মধ্যে। তবে মারামারি হয়নি।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, ঘটনাটি নিয়ে মামলা হয়েছে। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া নেয়া হবে।




