ads

রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকার খরচ কমানোর কারণে হজযাত্রী সংখ্যা দ্বিগুণ হয়েছে : শেরপুরে ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৪, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বর্তমান সরকার ২০২১ সালে হজের নীতিমালা তৈরি করার পর হজ যাত্রীদের ভোগান্তি কমে এসেছে। সেইসাথে সরকার হজের খরচ ১ লক্ষ ২ হাজার টাকা কমানোর কারণে বর্তমানে হজ যাত্রী সংখ্যা দ্বিগুণ হয়েছে। তিনি ১৩ এপ্রিল শনিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। ধর্মমন্ত্রী বলেন, গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার কমেছে। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর প্রভূত উন্নয়ন ঘটেছে। দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল নির্মাণ করা হয়েছে। বিশ্বের ৩৫ তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ দেশ গড়ে তোলা। এলক্ষ্য অর্জনে সবাইকে এগিয়ে আসতে হবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত তিন মেয়াদে শিক্ষাখাতে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। এসময়ে ২৬ হাজার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। ২ হাজার ৭৩৬টি বেসরকারি স্কুল এমপিওভুক্ত করা হয়েছে। ৩৫৫টি বেসকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭৪টি বেসরকারি কলেজ সরকারিকরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ৫ হাজার ৯৭টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। তিনি বলেন, গত ১৫ বছরে দেশে নান্দনিক ও পরিবেশবান্ধব শিক্ষা ভবন ও আধুনিক শ্রেণিকক্ষসহ অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ করা হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।

Shamol Bangla Ads

মো. ফরিদুল হক খান বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের কল্যাণে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করাটা অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়ার্টস অ্যাপ প্রভৃতি সামাজিক প্লাটফর্মগুলি ব্যবহার করে আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারছি। তিনি বন্ধুত্বের অনুভূতিকে কাজে লাগিয়ে বন্ধুসহ এলাকা, সমাজ ও দেশের জন্য ভালো কিছু কাজ করার আহ্বান জানান।

৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ডিপিডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব:) মো. খুরশেদ আলম কালা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলাম, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এসডিএফ’র চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ ফারুক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর প্রমুখ।

অনুষ্ঠানে এই বিদ্যালয় থেকে পাশ করে উচ্চ শিক্ষা গ্রহণ শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষকসহ প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার ও ইঞ্জিনিয়ার সহ ৫ শতাধিক প্রাক্তন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও বর্তমানে অধ্যয়নরত নয় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এ উপলক্ষে পিঠা উৎসব, সাংস্কৃতিক উৎসব, আলোচনা সভা, স্মৃতিচারণ, স্মারক উন্মোচন, ফলক উন্মোচন, সম্মাননা প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
error: কপি হবে না!