নরসিংদী প্রতিনিধি : মনোহরদী থানা থেকে মাত্র ২০ গজ দূরে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার রাতে । ডাকাতরা ৪টি দোকানে হানা দিয়ে কমবেশী ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এই ডাকাতির পর শহরের ব্যবসায়ীদের মধ্যে ব্যপক আতংক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, রাত ৩ টায় ১০/১২জনের একদল ডাকাত অস্ত্রের মুখে বাজারের ৭ জন পাহাড়াদারকে হাত-পা-মুখ বেধে ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাড়ে নিয়ে ফেলে রাখে। পরে তারা দীর্ঘ দেড় ঘন্টা তান্ডব চালিয়ে প্রথমে অর্পণ দাসের ‘প্রদীপ জুয়েলার্সে’ ঢুকে দোকান থেকে কয়েক মন ওজনের লোহার সিন্দুক বের করে নিকটবর্তী ব্রীজের নিকট নিয়ে যায়। সেখানে তারা সিন্দুক ভেঙ্গে নগদ টাকা সহ ২৬ ভরি স্বর্ণ, ৩৫ ভরি রৌপ্য লুট করে নিয়ে যায়। একই কায়দায় মাধব রায়ের ‘মোনালিসা শিল্পালয়’ থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার ও রৌপ্য নিয়ে যায়। এছাড়া মহসিন মিয়ার (মানিক) এস.এম টেলিকম ও ইসমাইল মিয়ার নিউ জাহান টেলিকম দোকান থেকে তালা ভেঙ্গে নগদ ৩৫ হাজার টাকা ও ২৫টি মোবাইল সেট নিয়ে যায়।
এ ব্যাপারে ‘প্রদীপ জুয়েলার্স’এর মালিক অর্পন দাস বাদী হয়ে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জিজ্ঞাসবাদের জন্য পাহাড়াদার মোতালিব ও মফিজ সহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ডাকাতদেরকে গ্রেফতার করতে পারেনি।




