ঠাকুরগাঁও প্রতিনিধি : আঠারো দলের ডাকা ৮৩ ঘন্টা অবরোধের শেষ দিনে মিছিলে ইট পাটকেল ছোড়াকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ব্যাপক সংঘর্ষ হয়। পথচারি ও দোকান দার সহ জামায়াত বিএনপির হামলায় কমপক্ষে ১৫ জন আহত হন। এদের মধ্যে ৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়ি বাস মটর সাইকেল,প্রাইভেট কার ভাঙচুর করে তারা। সংঘর্ষ কারীরা এ সময় সড়ক ও জনপদ অফিস এবং একটি মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। তাদের দেয়া আগুনে ওই অফিসের মূল্যবান কাগজ পত্র পুড়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তা থেকে ১৮ দলের একটি মিছিল হাসপাতালের দিকে আসছিল। অজ্ঞাত স্থান থেকে ওই মিছিলে ঢিল পড়ে। এতে মিছিল কারীরা বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। মিছিল কারীদের ইট পাটকেল নিক্ষেপে দুইটি প্রাইভেট ক্লিনিক,১৫-১৬টি দোকান ক্ষতি গ্রস্থ হয়।
এছাড়া পুলিশের গাড়ি সহ কমপক্ষে ৭ টি গাড়ি ভাঙচুর করে তারা এবং সরকারি অফিসে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ-বিজিবি অভিযান চালায়। এসময় ৫ জন হামলাকারীকে আটক করা হয়।




