ঢাকাই ছবির অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। তিনি যেমন নায়িকা হিসেবে সফলতা পেয়েছেন, তেমনি সিনিয়র চরিত্রেও তার অভিনয় এখনো দর্শকের হৃদয়ে দাগ কেটে আছে। প্রয়াত এই অভিনেত্রীর চলে যাওয়ার দিন আজ। ২০১৬ সালের এই দিনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরতরে না ফেরার দেশে পাড়ি জমান দিতি। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে মারা যান তিনি। মায়াবী চেহারার অধিকারিণী এই অভিনেত্রীর আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। দিদির কন্যা লামিয়া তার মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পারভীন সুলতানা দিতি ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই গান ও অভিনয়ের প্রতি দিতির ছিলো দুনির্বার আকর্ষণ। সেই সূত্রেই ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির সম্পৃক্ততা ঘটে। এরপর প্রায় দুই শতাধিক ছবিতে তিনি অভিনয় করেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে অভিনয়ের জন্য দিতি ১৯৮৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দিতি। এ ছবিতে একজন অন্ধের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
দিতি অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- স্বামী-স্ত্রী, হীরামতি, দুই জীবন, বীরাঙ্গনা সখিনা, আপন ঘর, ভাই বন্ধু, উছিলা, লেডি ইন্সপেক্টর, স্ত্রীর পাওনা, শ্বশুরবাড়ি, চাকর, বেপরোয়, শেষ উপহার, চরম আঘাত, প্রেমের প্রতিদান, চার সতীনের ঘর, মেঘের কোলে রোদ, মাটির ঠিকানা প্রভৃতি।




