বিশ্ব ক্রিকেটে প্রায় সব দলই নিজেদের মাঠে ভয়ঙ্কর, ভারতের কথা সেখানে আলাদা করে বলার কিছু নেই। ওয়েস্ট ইন্ডিজকে সদ্যই ওয়ানডে ও টি২০ সিরিজে হোয়াইটওয়াশ করে দীর্ঘ প্রায় ৬ বছর পর আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে রোহিত শর্মার দল। অন্যদিকে ক’দিন আগেই অস্ট্রেলিয়া সফরে ৪-১এ সিরিজ হেরে আসা দাসুন শানাকার শ্রীলঙ্কা। নিশ্চিত ফেবারিট ভারত অবশ্য বিরাট কোহলি, ঋষভ পন্থের মতো তারকাদের বিশ্রামে রেখে এই সিরিজ খেলছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার দীপক চাহার ও ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। তারুণ্যনির্ভর দল নিয়েই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান রোহিত। অন্যদিকে ভারতকে চ্যালেঞ্জ জানাতে চায় দাসুন শানাকার দল। যদিও সফরকারীদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা করোনা সংক্রমণ। লক্ষেèৗয়ে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি২০ আজ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সিরিজে একটি ম্যাচ হারলেই র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবে ভারত। তার ওপর কোহলি-পন্থরা নেই, চাহার-সূর্যকুমারের আগেই ইনজুরিতে পড়েন লোকেশ রাহুল। সুতরাং স্বাগতিকরা হুঙ্কার ছুড়ে মাঠে নামতে পারছে না, ‘দলের যারা আছে, তারা সকলে যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। যে কোন পরিস্থিতিতে নিজেদের উজার করে দিতে মুখিয়ে আছে। এই দল নিয়েই আমরা সিরিজ জয় করতে চাই।’ বলেন অধিনায়ক রোহিত। অন্যদিকে সদ্যই অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টি২০ ৪-১ ব্যবধানে হেরে এসেছে শ্রীলঙ্কা। শেষ ম্যাচ জিতে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় লঙ্কানরা। তবে ভারতের কন্ডিশনে আরও ভাল ক্রিকেট খেলতে চায় তারা। অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি ভুলতে ভারতের বিপক্ষে জিততে চান রঙিন পোশাকের লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে দল হিসেবে আমরা খেলতে পারিনি। তবে শেষ ম্যাচ জয়ে দলের মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে। ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আমরা।’ অতিথিদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার করোনা পজিটিভ হওয়ার খবর।




