চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য সদস্য পদপ্রার্থী দর্শনার সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল ঘোষনায় যে ১০ জন ভোটারের স্বাক্ষর প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছে তাদের মধ্যে ৯ জনকে সাংবাদিকদের সামনে হাজির করেন মতিয়ার রহমান। ওই ৯ জনও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমানের পক্ষে অভিমত দেন।
আজ (গতকাল বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রেসক্লাব চুয়াডাঙ্গা কার্যালয়ে এসে মতিয়ার রহমান তার লিখিত বক্তব্যে বলেন, ‘আমি দর্শনা পৌরসভায় পরপর দুই মেয়াদে মেয়র ছিলাম। ৩৩ বছরের রাজনৈতিক জীবনে ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্ব দিয়েছি। বর্তমানে আমি দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। দর্শনা পৌর এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও প্রেসক্লাব দর্শনাসহ অসংখ্য পেশাজীবী সংগঠনের সভাপতি ও উপদেষ্টা হিসেবে আছি। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আমি দল থেকে মনোনয়ন চেয়েছিলাম। এলাকার মানুষ ও দলের অসংখ্য নেতাকর্মি আশা করেছিল আমি মনোনয়ন পাবো। না পাওয়ার পর দলের মানুষ ও এলাকার মানুষের চাপে আমি স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হই। দূর্ভাগ্যের বিষয় আমি স্বতন্ত্র প্রার্থী হচ্ছি জানতে পেরে বর্তমান এমপি দলের মানুষদেরকে দল থেকে বহিস্কারের ভয় দেখিয়ে মাঠে নামতে দিচ্ছে না। এমনকি আমার সম্পর্কে নানা রকম বানোয়াট কথাবার্তা বলে সাধারণ মানুষকে বিব্রত করছে। এমতাবস্থায় গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের পর থেকে নানা রকম ষড়যন্ত্র লক্ষ্য করছি। সর্বশেষ আজ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে জানানো হলো, আমার মনোনয়নপত্র বাতিল। বাতিলের কারণ হিসেবে দেখানো হয়েছে স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচনী এলাকার মোট ভোটের ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষরিত তালিকায় ১০ জনকে যাচাই করা হয়েছে। তার মধ্যে ৬ জন অস্বীকার করেছে। ৩ জন স্বীকার করেছে আর একজনকে পাওয়া যায়নি। অথচ, তারা আজ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমার অনুরোধ উল্লেখিত ১০ জন ভোটারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত সত্য তথ্য জাতীয় এবং স্থানীয় পত্রিকায় প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে অনুরোধ জানাচ্ছি সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে সহযোগিতা করবেন।
সংবাদ সম্মেলনে ওই ১০ জনের মধ্যে ৯ জন বলেন, তাদের ভুল ব্যাখা দিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয়ে একজন সাদা কাগজে সাক্ষর করিয়ে নিয়েছেন। আমরা প্রত্যেকে মতিয়ার রহমানের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছিলাম।




