শেরপুরের নালিতাবাড়ীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ৭৮ জন ব্যক্তির মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

ওইসময় তিনি বলেন, সরকার পাহাড়ি এলাকায় মানুষ-হাতি দ্বন্দ্ব কমিয়ে আনতে কাজ করছে। এজন্য হাতির আক্রমণে সীমান্ত এলাকার বাসিন্দাদের বাড়িÑঘর বা ফসলের ক্ষতি হলে তাদের আর্থিকভাবে সহায়তা করে হচ্ছে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা লেডিস ক্লাবের সভাপতি ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন মোট ২ লাখ ৩৪ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।




