স্টাফ রিপোর্টার : শেরপুরে আমন মৌসুমে গুটি ইউরিয়া প্রদর্শনীর শস্যকর্তন ও মাঠ দিবস হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আইএফডিসির কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প-আপি‘র উদ্যোগে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া কৃষি ব্লকে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় চরশ্রীরামপুর গ্রামের কৃষক হায়দার আলীর ১০ শতক জমির বিনা-৭ ধান কাটা হয়। এতে ছিটানো বা গুড়া ইউরিয়ার চাইতে গুটি ইউরিয়া ব্যবহারে একরে ১৫ মণ ধান বেশী ফলন পাওয়া যায়।
মাঠ দিবসের কৃষক সমাবেশে শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ প্রধান অতিথি এবং আইএফডিসি-আপি প্রকল্পের প্রশিক্ষণ বিশেষজ্ঞ আবুল হোসেন মোল্লা ও ডিএই’র প্রশিক্ষণ কর্মকর্তা ড. আব্দুল মুঈদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষিক নূরুল ইসলাম মির্জার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এএমও আবুবকর ছিদ্দিক, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গফুর, এসএএও আব্দুল মমিন, কৃষক হায়দার আলী, ধীরেন্দ্র চন্দ্র দে, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। এতে হাওড়া ব্লকের শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।




