এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর জলঢাকায় চিকিৎসকের অবহেলায় এক সাংবাদিক পতœীর মৃত্যুর ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
জানা যায়, একটি জাতীয় দৈনিকের স্থানীয় সংবাদদাতা শেফাউল আলমের স্ত্রী আলেমা বেগমের (২৭) প্রসব বেদনা শুরু হলে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ভর্তির আধাঘন্টা পর স্বাভাবিকভাবে এক কন্যা সন্তান প্রসব করেন তিনি। সন্তান প্রসবের কিছুক্ষণ পর তার রক্তক্ষরণ শুরু হয় এবং ৭টায় মারা যায়। সাংবাদিক শেফাউল আলমের অভিযোগ, তার স্ত্রীর রক্তক্ষরণ শুরু হওয়ার পর স্বাস্থ্য কেন্দ্রে নার্স ছাড়া কোন চিকিৎসক খুঁজে পাওয়া যায়নি। এমনকি জরুরী বিভাগেও কোনো চিকিৎসক ছিল না। ওই সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে মোবাইলে বিষয়টি জানানো হলেও কোন পদক্ষেপ নেননি। এ বিষয়ে যোগাযোগ করা হলে অবহেলার কথা অস্বীকার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব হাসান লেলিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতির মৃত্যু হয়েছে। এদিকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা অভিযুক্ত ডাক্তারের শাস্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।




