পাবনা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিএনপির শীর্ষ ৫ নেতার জামিন বাতিল করে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। ১৬ নভেম্বর শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতাল চলাকালে শহরের অনন্ত এলাকা, বাইপাস, মহিষের ডিপো এলাকায় ৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার ভোরে ছাত্রদলের কর্মিরা সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ গেট ও মুজাহিদ ক্লাব এলাকায় হরতালের সমর্থনে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। দুপুরে জেলা বিএনপি শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে অস্থায়ী কার্যালয়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, সহ-সভাপতি আব্দুল¬াহ আল মাহমুদ মান্নান মাষ্টার, সহ-সভাপতি আলহ্জ্বা তৌফিক হাবিব, সহ-সভাপতি একেএম মুসা, ছাত্রদলের সভাপতি ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, পাবনা জেলা ড্যাব সাধারণ সম্পাদক ডা: নোমান, জেলা মৎস্যজীবি দলের সভাপতি আজম প্রামনিক সিনিয়র সিনিয়র সহ-সভাপতি রশিদুল ইসলাম রশিদ, প্রমুখ। এদিকে, হরতাল শুরুর পর জেলা থেকে দুরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ ছিল। রিকসা-ভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন চলতে দেখা যায়নি। দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ন স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।




