হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে হরতালের সমর্থনে মিছিল, টায়ারে অগ্নিসংযোগ, পুলিশের সাথে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ, ককটেল বিস্ফোরন ও আটকের ঘটনা ঘটেছে। নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবিতে ও কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলের টানা ৮৪ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন ১১ নভেম্বর সোমবার ভোরে ওই ঘটনা ঘটে।
জানা যায়, হরতালের দ্বিতীয় দিন সোমবার ভোর ৬ টার দিকে শহরের নিউ ঢাকা রোডের রেলগেট এলাকায় দুটি ককটেলের বিস্ফোরন ঘটায় পিকেটারেরা। এর কিছুক্ষন পর সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যান মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা। এসময় একটি মিছিলও বের করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের ধাওয়া দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে প্রায় ৫ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এদিকে নাশকতার আশংকায় ভোর রাত চারটার দিকে সদর উপজেলার কড্ডা থেকে সিরাজগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুল আলম কে আটক করেছে সদর থানা পুলিশ। অপরদিকে রবিবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর থানা কম্পাউন্ডের মধ্যে একটি ককটেলের বিস্ফোরন ঘটায় দুর্বৃত্তরা। শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছে।




