স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শাহ আলম (৫০) নামে এক চটপটি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে অপর এক চটপটি বিক্রেতা। ৫ এপ্রিল শুক্রবার রাতে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম শহরের চাপাতলি এলাকার অহেজ উদ্দিনের ছেলে। এদিকে স্থানীয় লোকজন ওই ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে (৩০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সাইফুল শহরের খরমপুর ঋষিপাড়া মহল্লার আলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ চটপটি বিক্রেতা শাহ আলম প্রতিদিনের মত শুক্রবার সন্ধ্যার পরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় চটপটি বিক্রি করছিল। রাত সাড়ে ৮টার দিকে চটপটির মরিচ কেনার জন্য বাসটার্মিনাল সংলগ্ন মীরগঞ্জ কাঁচাবাজারে গেলে আরেক চটপটি বিক্রেতা সাইফুল ইসলাম পেছন থেকে মাছ কাটা দা দিয়ে শাহ আলমকে এলোপাথারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় বাজারের লোকজন সাইফুলকে আটক করে পুলিশে দেয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে তা তাৎণিকভাবে জানা যায়নি।




