স্টাফ রিপোর্টার ॥ বাল্যবিয়ে রোধ এবং পুষ্টি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুরে উঠোন বৈঠক হয়েছে। ২৩ জানুয়ারি বুধবার দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া এলাকায় জেলা তথ্য অফিসের সহায়তায় নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ কমিটি ওই উঠোন বৈঠকের আয়োজন করে। উঠোন বৈঠকে জারিগানের মধ্য দিয়ে যৌতুক ও বাল্যবিয়ের কুফল, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবারের পুষ্টিমান ও গুণাগুণ, শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতার বার্তা প্রদান করেন স্থানীয় বাউল শিল্পীরা।
ওই সময় সচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত লিনা, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুল, জেলা মহিলা পরিষদের যুগ্ম সম্পাদিকা আঞ্জুমান আরা যুথী, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, উন্নয়ন কর্মী সোলাইমান আহমেদ প্রমুখ। পরে যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধ, লেখাপড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ক জেলা তথ্য অফিসের বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এলাকার শতাধিক নারী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ উঠোন বৈঠকে অংশগ্রহণ করেন।




