নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ এবার শেরপুরের নকলা উপজেলায় কবরস্থানের কবর খুঁড়ে ৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ১২ জানুয়ারি শনিবার রাতে উপজেলার ধনাকুশা এলাকার ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের পাশে সামাজিক কবরস্থান থেকে ওইসব কঙ্কাল চুরি করে নেয় কঙ্কাল চোর চক্র। চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে মরহুম সুরহাব আলী, মরহুম আজিরন বিবি, মরহুম হযরত আলী, মরহুম মাসুদ রানা ও অজ্ঞাত আরও ২ কবর রয়েছে। এর আগে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলায় কয়েকটি সামাজিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
ধনাকুশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজা জানান, শনিবার রাতে চোর চক্রের সদস্যরা কবরের এক পাশের বেড়া খুলে ৩/৪টি বাঁশের টুকরা সরিয়ে ভিতর থেকে কঙ্কালগুলো নিয়ে গেছে। রবিবার সকালে স্থানীয় লোকজন কাজের উদ্দেশ্যে ওই কবরস্থানে গিয়ে ৬টি কবর খুঁড়ে লাশের কঙ্কাল চুরির ঘটনা দেখতে পান।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ এই চোর চক্রকে সনাক্ত ও গ্রেফতার করতে তৎপর রয়েছে।




