নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে মহাজোট সমর্থিত দলের হেভিওয়েট প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, উন্নয়নের নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া উন্নয়নের কোন বিকল্প নেই। শেখ হাসিনার নিয়ত ভালো বলেই আজ দেশ এগিয়ে যাচ্ছে। খাদ্য-শস্যে আমাদের দেশ উন্নত করছে। নিয়ত গুণে বরকত। তিনি বলেন, আপনাদের ভোটের বদৌলতে শেখ হাসিনার আন্তরিকতায় এলাকায় অনেক উন্নয়ন করেছি। আরও অনেক স্বপ্ন আছে। আমি আরও কাজ করতে চাই। দেশের কৃষিকে আরও এগিয়ে নিতে চাই। তাই সসম্পূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আবারও নৌকায় ভোট চাই। তিনি ২০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের সার্জেন্ট আহাদ পার্কে শহর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত বিরোধী দলের এমপি ছিলাম, তখনও আপনাদের আমানতের খেয়ানত করিনি। জীবন গেলেও আপনাদের আমানতের খেয়ানত করবো না। আপনাদের আমানতের খেয়ানত করার আগে আল্লাহ্ যেন আমার মৃত্যু দেয়। এলাকায় যা কিছু করেছি, উপরে আল্লাহ আর নিচে আপনাদের ভোটের মাধ্যমে সম্ভব হয়েছে। আল্লাহ রহমত করেছেন, আর আপনারা ভোট দিয়ে রহমত বাড়িয়ে দিয়েছেন- এজন্যই সব সম্ভব হয়েছে। তিনি সমাবেশে উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে প্রত্যেককে ১০টি করে ভোট সংগ্রহ করার আহবান জানিয়ে বলেন, আগামী ৩০ তারিখ আপনাদের কাছে দু’হাত পেতে নৌকার জন্য ভোট চাই।
তিনি আরও বলেন, কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। শেখ হাসিনা প্রতিবন্ধীদের পরম দরদ দিয়ে বুকে জড়িয়ে নিয়েছেন। তাইতো তিনি পঙ্গু ভাতার ব্যবস্থা করেছেন। কারণ তারাওতো মানুষ। তিনি ক্বওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন। তারা এখন পৃথক বোর্ড গঠন করে কারিকুলাম তৈরি করবে। শুধু তাই নয়, বিনা পয়সায় বই, মাতৃত্বকালীন ভাতা, ডিগ্রি শ্রেণি পর্যন্ত উপবৃত্তি প্রদান শেখ হাসিনাই করেছেন।
শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টির নেতা শওকত সাইদ, প্রেসক্লাব সভাপতি এম এ হাকাম হীরা প্রমুখ।




