শ্যামলবাংলা ডেস্ক : এবার বিমানের লাগেজ থেকে ১২৪ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে কাস্টমস সদস্যরা। ২৪ জুলাই বুধবার বেলা আড়াইটার দিকে কাঠমাণ্ডু থেকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি লাগেজ চেম্বার থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৫৪ কোটি টাকা।
বিমানবন্দর কাস্টমস কমিশনার জাকিয়া সুলতানা সাংবাদিকদের জানান, কাঠমাণ্ডু থেকে আসা ফ্লাইটটি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানের ক্লিনাররা এর ভেতরে ঢোকেন। এ সময় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা বিমানটিতে তল্লাশি চালায়। পরে সেখান থেকে কালো কাপড় দিয়ে কাঁথার মতো সেলাই করা অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮ কেজি সোনার বার উদ্ধার করা হয়।




