গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একটি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল আর অন্য ৫ শিশু মৃত্যুবরণ করেছে হামের উপসর্গ নিয়ে। ১৭ মে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক প্রেস রিলিজে ওই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (১৬ মে) থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর শরীরে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৩৮৪ জনের মৃত্যু হলো। একই সময়ে হাম শনাক্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৭৫ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশুর শরীরে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২টি শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ৭৪৪টি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—১৫৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ জন মারা গেছে রাজশাহী বিভাগে।
গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে।




