দেশের ডিজিটালাইজেশনের পরিধি এখনো পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ১০ মে রবিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নীতিমালা থাকা প্রয়োজন। যা তৈরি করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ে গণমাধ্যম জগতের একটি বড় প্ল্যাটফর্ম হলো সোস্যাল মিডিয়া। তবে সেখানে কাজ করার জন্য আমাদের দেশে কোনো বিধিবিধান নেই। যা সমাধানে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী তরুণদের মূল্যবোধ ও নৈতিকতা বৃদ্ধিতে সহায়ক কনটেন্ট বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, নৈতিক সংকটের কারণে জাতি হিসেবে আমরা পিছিয়ে আছি। নৈতিকতার সংকটের কারণেই বিগত সরকারের পতন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, দেশে শিক্ষা ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মানুষের মানসিকতার পরিবর্তন না হলে দেশ এগিয়ে যেতে পারবে না। পাশাপাশি দুর্নীতি সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।




